জাতীয়

“গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা হয়েছে!”— আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে সরকার ও বিএনপিকে ধুয়ে দিলেন নাহিদ ইসলাম!

রংপুর, ১৬ জুলাই – জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে বর্তমান সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সরকার সেই রায় বাস্তবায়ন করছে না।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন জুলাই বিপ্লবের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি বলেন আবু সাঈদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং জনগণের অধিকার নিশ্চিত করতেই এই গণভোটের আয়োজন করা হয়েছিল।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন বিএনপি তাদের ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে এবং তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করেনি। তিনি গণভোটের গণরায়ের আলোকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন সরকার যদি ইতিবাচকভাবে সংস্কার করতে চায় তবে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। তবে জুলাই সনদের নামে ভিন্ন কিছু বাস্তবায়নের চেষ্টা করা হলে তারা সেই প্রচেষ্টায় অংশ নেবেন না।

আবু সাঈদকে জুলাই বিপ্লবের রুহানী নেতৃত্ব ও অগ্রসেনানী হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম তার শাহাদাত বরণকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে তিনি শহীদ মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফাইয়াজসহ সকল যোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন নির্বাচন অনুষ্ঠিত হলেও জনগণ বিচার ও সংস্কারের সুফল এখনো পায়নি। বিশেষ করে আবু সাঈদ হত্যা মামলার রায় নিয়ে আপিল শুনানি দ্রুত সম্পন্ন করে তা কার্যকর করার জোর দাবি জানান তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও তোলেন নাহিদ ইসলাম।

কবর জিয়ারতের পর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language