জাতীয়

বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় প্যারিস: ফরাসি রাষ্ট্রদূত

ঢাকা, ১৫ জুলাই – বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তনের ফলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে উল্লেখ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু এবং কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

গত মঙ্গলবার ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার ফরাসি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক দেশগুলোর কাতারে ফিরে এসেছে। তিনি এ দেশের মানুষের গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি আরও জানান যে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিশেষ দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠিয়েছেন।

ফ্রান্স মূলত ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক এবং শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় ২০১২ সাল থেকে ফরাসি উন্নয়ন সংস্থা বা এএফডি প্রায় ২০০ কোটি ইউরো ঋণ সহায়তা দিয়েছে।

এই সহায়তার সিংহভাগই খরচ হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে ফ্রান্স। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও সমুদ্র সংরক্ষণের মতো নতুন ক্ষেত্রগুলোতেও কাজ করতে আগ্রহী দেশটি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত ড. খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়াকে বড় অর্জন বলে উল্লেখ করেন।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language