সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

সাতক্ষীরা, ১২ জুলাই – সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এই গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ১৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন চারাবাড়ি এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে টহল দলের। টহল সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

এই অবস্থায় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। পালিয়ে যাওয়া ঠেকাতে এবং নিরাপত্তার স্বার্থে গুলি চালানো হলে তারা ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতীয় সীমানার ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। বিজিবির দাবি, গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language