কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত অন্তত ১০ জন

কিয়েভ, ১১ জুলাই – ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে ব্যাপক আকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের সংকটের কারণে কিয়েভ এখন রুশ হামলার মুখে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমান হামলার সতর্কবার্তা জারি হওয়ার আগেই শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এই অভিযানে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১১১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কিয়েভের কর্মকর্তাদের দাবি, শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা বর্তমানে বেশ কঠিন হয়ে পড়েছে। চলতি মাসে কিয়েভ ও এর আশপাশের এলাকায় রুশ হামলায় ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
শনিবারের হামলায় একটি বাণিজ্যিক ভবন ও একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু স্থানে আগুনের সূত্রপাত হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, বিস্ফোরণের ফলে একটি বিদ্যুৎ উপকেন্দ্র ও কয়েকটি আবাসিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু কিয়েভ নয়, এদিন দেশটির অন্তত ১১টি স্থানে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী।
এস এম/ ১১ জুলাই ২০২৬









