চট্টগ্রাম

চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রাম, ৯ জুলাই – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণের পথ সুগম হলো।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। এর আগে গত ২ জুলাই এই বিষয়ে রুলের ওপর শুনানি শেষ হয় এবং আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

ঘটনার বিবরণে জানা যায়, রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। সেই আবেদনের ভিত্তিতে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি আদালত নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে রুল জারি করেন।

পরবর্তীতে নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করলে ৩ ফেব্রুয়ারি আদালত জানান যে, সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফল স্থগিত থাকবে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলেও আদালতের নির্দেশনায় ফলাফল আনুষ্ঠানিক প্রকাশ পায়নি। অবশেষে আপিল বিভাগের নির্দেশে রুল নিষ্পত্তি করে হাইকোর্ট তার প্রার্থিতা ও বিজয়কে বৈধতা দিলেন।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language