ফুটবল

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনে দুর্নীতির তদন্তে নেমেছে এফবিআই

বুয়েনস আইরেস, ৯ জুলাই – মিসরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয়ের রেশ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বে এক নতুন তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আর্থিক লেনদেনে অনিয়ম খতিয়ে দেখতে মাঠে নেমেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই প্রতারণা ও অর্থ পাচারের সন্দেহে মার্কিন কর্তৃপক্ষ এই তদন্ত কার্যক্রম শুরু করেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনের বরাত দিয়ে স্পোর্টস মেক্সিকো ও ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এএফএ সভাপতি ক্লদিও চিকি তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল ফেডারেশন বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআইয়ের কঠোর নজরদারিতে রয়েছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে কীভাবে কয়েকশ মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে এবং এর পেছনে কোনো অর্থ পাচার বা ব্যাংক জালিয়াতির সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তদন্তকারীরা মূলত ক্লদিও তাপিয়ার অধীনে এই ফুটবল সংস্থাটি যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে কার্যক্রম পরিচালনা করেছে, সেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই এজেন্টরা এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। জানা গেছে, তদন্তের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন খোদ এএফএ প্রধান। মার্কিন বিচার বিভাগ তদন্তের পরিধি আরও বিস্তারের পরিকল্পনা করছে।

এমনকি আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। যারা সাম্প্রতিক বছরগুলোতে এএফএর কার্যক্রম তদারকি করেছেন বা সংস্থাটির গুরুত্বপূর্ণ তথ্য জানেন, তাদের জবানবন্দি নেওয়া হবে। ২০২৫ সালকে সামনে রেখেই এই প্রাথমিক তদন্তের রূপরেখা তৈরি করা হচ্ছিল বলে জানা গেছে।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language