আর্জেন্টিনার সমর্থকদের লক্ষ্য করে থুতু নিক্ষেপ: শাস্তির মুখে মিশরের কোচ হোসাম হাসান

কায়রো, ৮ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং তাদের দিকে থুতু ছিটানোর অভিযোগে তার বিরুদ্ধে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে।
রোমাঞ্চকর এই ম্যাচে দীর্ঘ সময় আধিপত্য বজায় রেখেছিল মিশর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। তবে শেষ ১৪ মিনিটে খেলার চিত্র পাল্টে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচজুড়ে রেফারিং নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে মিশরীয় শিবির। বিশেষ করে পেনাল্টির দুটি আবেদন নাকচ হওয়া নিয়ে ডাগআউটে ক্ষোভ দানা বাঁধে।
পরবর্তীতে ভিএআর বিশেষজ্ঞরা জানান, অন্তত একটি ক্ষেত্রে মিশরের পেনাল্টি পাওনা ছিল। ডাগআউটে মাত্রাতিরিক্ত আচরণের কারণে ম্যাচ চলাকালেই হলুদ কার্ড দেখেন কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মিশরের এই কিংবদন্তি ফুটবলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে তাকে সমর্থকদের দিকে থুতু ছিটাতে দেখা যায়। ফিফার শৃঙ্খলাবিধি অনুসারে, কারও দিকে থুতু ছিটানো গুরুতর অসদাচরণ এবং এটি শারীরিক আক্রমণের সমতুল্য। এমন অপরাধের জন্য ন্যূনতম তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি হাসান। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় তিনি ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলেন এবং ফুটবলের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এস এম/ ৮ জুলাই ২০২৬









