সৌদি আরবে কঠোর অভিযান: এক সপ্তাহে সাড়ে ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল রিয়াদ

রিয়াদ, ১১ অক্টোবর – অভিবাসন আইন, আবাসন বিধি এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশজুড়ে চালানো এক সপ্তাহের বিশেষ যৌথ অভিযানে প্রায় ১৪ হাজার আইনি লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এক সপ্তাহের অভিযানের খতিয়ান
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৩ হাজার ৮৮৯ জন আইন লঙ্ঘনকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
গ্রেপ্তারকৃতদের বিভাজন নিম্নরূপ:
- আবাসন বা ইকামাবিধি লঙ্ঘনকারী: ৬ হাজার ৭৮৫ জন
- সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী: ৩ হাজার ৭১০ জন
- শ্রম আইন লঙ্ঘনকারী: ৩ হাজার ৩৯৪ জন
এছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৬ শতাংশ ইথিওপীয় এবং ৩৩ শতাংশ ইয়েমেনি নাগরিক। পাশাপাশি, অবৈধ উপায়ে দেশত্যাগের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন আরও ৩৪ জন। আইনগত প্রক্রিয়া শেষে এর মধ্যে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ডিপোর্ট বা বাত্রা দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
অবৈধ অভিবাসীদের যাতায়াত, আবাসন বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে নতুন করে ২১ জন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অনুপ্রবেশকারীকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন করা বা আশ্রয় দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধের দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এনএন/ ১১ অক্টোবর ২০২৬







