চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম, ৭ জুলাই – ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই বোর্ডের আওতাধীন অন্য তিন জেলা এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার এইচএসসি, আলিম, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। এই দুই জেলা ছাড়া চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিতে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছেন এবং সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হচ্ছে।
এনএন/ ৭ জুলাই ২০২৬









