ফুটবল

আর্জেন্টিনা বনাম মিসর: সুপার কম্পিউটারের পূর্বাভাসে যোজন যোজন এগিয়ে মেসিরা

বুয়েনস আইরেস, ৭ জুলাই – বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেওয়া মিসর। এই ম্যাচটিকে ঘিরে ফুটবল বিশ্বের উত্তেজনা যখন তুঙ্গে, তখন পরিসংখ্যান বলছে ফেবারিট হিসেবে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

বিখ্যাত ক্রীড়া পরিসংখ্যান সংস্থা ওপটার সুপারকম্পিউটার ম্যাচের চুলচেরা বিশ্লেষণ শেষে তাদের পূর্বাভাস প্রকাশ করেছে। ২৫ হাজার বার সিমুলেশন চালিয়ে পাওয়া ফলাফলে দেখা গেছে, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ।

বিপরীতে মোহামেদ সালাহর দল মিসরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল জয় না পেলে ম্যাচটি ড্র বা অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ১৮ দশমিক ৫ শতাংশ। কাগজে কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও মাঠের লড়াই অন্যরকম হতে পারে।

দুই দলই তাদের শেষ ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিট ফুটবল খেলেছে। খেলোয়াড়দের ক্লান্তি এবং ইনজুরি ঝুঁকি ম্যাচের ফলে বড় প্রভাব ফেলতে পারে।

সুপার কম্পিউটারের তথ্য মেসিদের জয়ের পাল্লা ভারী দেখালেও নকআউট পর্বে অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই ঠিক করবে কারা কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language