ফুটবল

নাটকীয় জয়ে শেষ আটে স্পেন, বিদায় নিলো রোনালদোর পর্তুগাল

ডালাস, ৭ জুলাই – স্পেন ও পর্তুগালের মধ্যকার শেষ ষোলোর লড়াইয়ের প্রথমার্ধ ছিল বেশ উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই দুই দল একে অপরের রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণ চালায়। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল কিছুটা মন্থর গতির। স্প্যানিশদের আক্রমণ সামলাতেই বেশিরভাগ সময় ব্যয় করেছে পর্তুগিজরা।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে মিকেল মেরিনোর দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ের ফলে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিলো স্পেন। অন্যদিকে পরাজয়ের গ্লানি নিয়ে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের ১২ মিনিটের মধ্যেই দুই দল অন ও অফ টার্গেটে মোট সাতটি শট নেয়। ম্যাচের অষ্টম মিনিটে স্পেনের হয়ে দারুণ এক গোলের সুযোগ পেয়েছিলেন ওইয়ারজাবাল। ডি বক্সের ভেতরে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তাকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি।

পর্তুগালও প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালায়। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি শক্তিশালী শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। এছাড়া ৩৮ মিনিটে জোয়াও ফিলিক্সের হেড এবং রোনালদোর ফিরতি শটটিও চমৎকার দক্ষতায় রুখে দেন সিমন।

প্রথমার্ধের বিরতির আগে নুনো মেন্ডিস একটি জোরালো শট নিলেও স্পেনের রক্ষণভাগ তা প্রতিহত করে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে স্পেনের দাপট থাকলেও পর্তুগাল ছিল অনেকটা নিষ্প্রভ।

শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো ফেররান তোরেসের সহায়তায় গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।

এনএন/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language