মেক্সিকোর বিপক্ষে ম্যাচ ঘিরে ইংল্যান্ডে পাব খোলা থাকবে ভোর ৫টা পর্যন্ত

লন্ডন, ৫ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে বিশেষ ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সমর্থকদের ম্যাচটি সরাসরি উপভোগের সুযোগ করে দিতে ইংল্যান্ড ও ওয়েলসের পাবগুলো ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
মেক্সিকোর বিপক্ষে নকআউট পর্বের এই ম্যাচটি ইংল্যান্ডের স্থানীয় সময় রাত ১টায় শুরু হবে। সময়ের পার্থক্যের কারণে যুক্তরাজ্যের দর্শকদের জন্য খেলাটি গভীর রাতে হওয়ায় এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের আনন্দ উদযাপন সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ফুটবল হয়তো ঘরে ফিরছে এবং সরকার নিশ্চিত করছে সমর্থকদের যেন বাড়ি ফেরার তাড়াহুড়ো না থাকে। শেষ বাঁশি বাজার পর পর্যন্ত পাব খোলা থাকা যেমন সমর্থকদের জন্য খুশির খবর, তেমনি স্থানীয় ব্যবসার প্রসারেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে। পুরো দেশ জাতীয় দলের পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে চলতি টুর্নামেন্টে ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন রাত ২টা পর্যন্ত পাব খোলা রাখার নিয়ম ছিল। তবে নকআউট পর্বের সময়সূচি বিবেচনায় এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দল শেষ ৩২ এর ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
মেক্সিকোর বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল অথবা নরওয়ে। উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের সময় পার্থক্যের কারণে খেলাগুলো যুক্তরাজ্যে গভীর রাতে সম্প্রচারিত হলেও সরকারের এই সিদ্ধান্তে ফুটবলপ্রেমীদের মাঝে বিপুল উৎসাহ দেখা দিয়েছে। পাব মালিক ও সমর্থকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এস এম/ ৫ জুলাই ২০২৬









