হরমুজ প্রণালীতে উত্তেজনা হ্রাস: নিজ ঘাঁটিতে ফিরছে ফরাসি রণতরি ‘শার্ল দ্য গল’

প্যারিস, ৪ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির পর হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমিত হওয়ায় ফ্রান্স তাদের শক্তিশালী বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে দুই মাস আগে রণতরিটিকে মোতায়েন করা হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান যে রণতরিটি তুলোঁ তে অবস্থিত নিজস্ব ঘাঁটিতে ফিরে যাবে।
তবে সংশ্লিষ্ট এলাকায় মাইন প্রতিরোধকারী সরঞ্জাম এবং এর সুরক্ষায় নিয়োজিত জাহাজগুলো পূর্বের মতোই মোতায়েন থাকবে এবং মিত্রদের সঙ্গে যে কোনো যৌথ কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত থাকবে। ইউরোপীয় দেশগুলোর নেতারা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে নৌ সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন।
এক্ষেত্রে ফ্রান্স ও যুক্তরাজ্য ৪০টিরও বেশি দেশের একটি বৃহৎ জোটের নেতৃত্ব দিচ্ছে। গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক সমঝোতা হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত বৃদ্ধি পেয়েছে যা বিশ্ববাজারে জ্বালানি সংকট লাঘবে ইতিবাচক ভূমিকা রাখছে।
মে মাসের মাঝামাঝি থেকে ফ্রান্স আরব উপদ্বীপের উপকূলে এই রণতরিটি মোতায়েন রেখেছিল। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওমান সালতানাতও তাদের জলসীমা নিরাপদ রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তবে ইরান এই অঞ্চলে বিদেশি শক্তির সামরিক উপস্থিতির ব্যাপারে কড়া সতর্কবার্তা দিয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালী বহিরাগত শক্তির সামরিক কার্যক্রমের ক্ষেত্র হতে পারে না।
এস এম/ ৪ জুলাই ২০২৬









