মধ্যপ্রাচ্য

আরব আমিরাতের ভিসা নীতিতে বড় পরিবর্তন: আরও সহজ হচ্ছে আবাসন ও পর্যটন সুবিধা

আবুধাবি, ৪ জুলাই – ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রবেশ ও আবাসন সংক্রান্ত ভিসা নীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কর্তৃপক্ষ। ভিসা অন অ্যারাইভাল সুবিধার সম্প্রসারণ, দ্রুততম সময়ে পর্যটন ভিসা অনুমোদন, সম্পত্তিনির্ভর আবাসিক ভিসার নতুন নিয়ম এবং স্মার্ট চিকিৎসা ভিসা চালুর উদ্যোগসহ বিভিন্ন পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) ছয়টি নতুন দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু করেছে। এর ফলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এখন ১৪ ও ৬০ দিনের ক্যাটাগরিতে সহজেই আমিরাত ভ্রমণের সুযোগ পাবেন।

এর পাশাপাশি যোগ্য বসবাসের দেশের তালিকায় যুক্ত করা হয়েছে সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডাকে। দুবাই ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটন ভিসা প্রাপ্তি আরও সহজ করা হয়েছে। এখন থেকে অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার অনুমোদন পাওয়া যাবে।

এই ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন। বিনিয়োগকারীদের জন্য আবাসিক ভিসার নিয়মেও সংশোধন আনা হয়েছে। একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম সাড়ে সাত লাখ দিরহাম মূল্যের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে সম্পত্তির একাধিক মালিক থাকলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানা অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।

আকাশসীমা বন্ধ বা বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত অবস্থানের জরিমানার মুখে পড়েছিলেন, তাদের জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে ৯ জুলাইয়ের মধ্যে তাদের ভিসার স্থিতি সংশোধন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া চিকিৎসার জন্য আগত রোগীদের সেবাপ্রক্রিয়া সহজ করতে স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় গত ৬ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language