জাতীয়

১৭ বছরে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তাকে পদোন্নতি ও বকেয়া সুবিধা দিচ্ছে সরকার

ঢাকা, ৩ জুলাই – বিগত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা ও অবিচারের শিকার ১৫০ কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন কারণে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তাদের এসব সুবিধার পাশাপাশি আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা প্রদানের ঘোষণা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন ও বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন অফিসারকে স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতিসহ প্রয়োজনীয় বকেয়া বেতন ও ভাতা প্রদান করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সরকারি আদেশ জারি করা হয়েছে।

তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। তাকে ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর প্রদানের বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল পদের বকেয়া বেতন ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

এর বাইরে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে তাকে এক কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যোগ্যতা সাপেক্ষে তাকে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের বিষয়টিও প্রজ্ঞাপনে বিবেচনা করা হয়েছে।

এনএন/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language