বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা

ওয়াশিংটন, ২৪ জুন – বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর প্রাক্কালে পেনাল্টি শুটআউট বা টাইব্রেকারের নিয়মে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বর্তমান নিয়ম অনুযায়ী নকআউট পর্বের কোনো ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের পরও অমীমাংসিত থাকলে ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
পেনাল্টি শুটআউট শুরুর আগে রেফারি দুই দলের অধিনায়কদের উপস্থিতিতে দুটি আলাদা কয়েন টস করেন। এর মধ্যে প্রথম টসের মাধ্যমে নির্ধারিত হয় মাঠের কোন প্রান্তে শট নেওয়া হবে এবং দ্বিতীয় টসের মাধ্যমে ঠিক হয় কোন দল প্রথম পেনাল্টি শট নেবে।
ফিফার পর্যবেক্ষণ অনুযায়ী বর্তমান ব্যবস্থায় কোনো দল একই সাথে দুটি টসে জিতে বাড়তি সুবিধা লাভ করতে পারে। এক দল যদি দুটি টসেই জয়ী হয় তবে তারা নিজেদের পছন্দের প্রান্ত বেছে নেওয়ার পাশাপাশি প্রথম শট নেওয়ার সুযোগ পায়। এতে প্রতিপক্ষ দল কৌশলগতভাবে কিছুটা পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে।
এই বৈষম্য দূর করতেই ফিফা একটি মাত্র কয়েন টসের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী ভবিষ্যতে দুটি টসের পরিবর্তে মাত্র একবারই কয়েন নিক্ষেপ করা হবে। টসে জয়ী অধিনায়ক দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। তিনি চাইলে প্রথম শট নেওয়ার অধিকার গ্রহণ করবেন অথবা টাইব্রেকারের জন্য প্রান্ত নির্ধারণ করবেন।
বিজয়ী অধিনায়ক একটি সুবিধা বেছে নিলে অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষ দলের হাতে চলে যাবে। এর ফলে দুই দলের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং স্নায়ুচাপের এই মুহূর্তে কেউ অন্যায্য সুবিধা পাবে না বলে মনে করছে ফিফা। আগামী ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বের টাইব্রেকার নীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে।
পূর্বে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানকে অগ্রাধিকার দেওয়া হলেও এখন থেকে মুখোমুখি লড়াইয়ের ফলাফলকে সবার আগে বিবেচনা করা হচ্ছে। তবে কয়েন টস সংক্রান্ত এই নতুন নিয়মটি কার্যকরের জন্য আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলে বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে থেকেই এটি প্রয়োগ করা হতে পারে।
এস এম/ ২৪ জুন ২০২৬









