ফুটবল

ফুটবল বিশ্বকাপে পানিবিরতির নতুন নিয়মে অসন্তুষ্ট স্কালোনি

বুয়েনস আইরেস, ২২ জুন – ফুটবল বিশ্বকাপে প্রবর্তিত নতুন পানিবিরতি নিয়ম নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, ম্যাচের মাঝপথে খেলা বারবার থামিয়ে দেওয়ায় ফুটবলের স্বাভাবিক গতি এবং দলের খেলার ছন্দ ব্যাহত হচ্ছে।

গত রবিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্কালোনি মনে করেন, ৪৮ দলের এই বড় আসরে প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এর মধ্যে গরম আবহাওয়া এবং বাধ্যতামূলক পানিবিরতির বিষয়টি খেলার ধারাবাহিকতা নষ্ট করছে।

তাঁর মতে, এর ফলে তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলো নিজেদের ভুল সংশোধনের সুযোগ পায় এবং নতুন করে পরিকল্পনা সাজানোর সময় পায়। এতে করে একটি ফুটবল ম্যাচ যেন চারটি ভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষায় প্রতিটি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের বিরতি দেওয়া হচ্ছে।

আবহাওয়া অনুকূলে থাকলেও এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। তবে স্কালোনি জানান, এই সংক্ষিপ্ত সময়ে খেলোয়াড়দের সাথে কার্যকর আলোচনা করার সুযোগ বেশ সীমিত থাকে। অনেক সময় ম্যাচের পরিকল্পনা প্রথম ২৫ মিনিটের মধ্যেই বদলে যায়, যা সামলানো কঠিন হয়ে পড়ে।

যদিও স্কালোনি পরে যোগ করেন যে, বিরতির এই সুযোগ আক্রমণাত্মক দলগুলোও নিতে পারে, তবে বারবার খেলার প্রবাহ নষ্ট হওয়াটা অস্বস্তিকর।

এদিকে গ্রুপ পর্বে সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। অন্যদিকে অস্ট্রিয়াও তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে, যার ফলে সোমবারের ম্যাচটি গ্রুপে শীর্ষস্থান নির্ধারণে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language