আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া: মেসিদের জয়ের সম্ভাবনাই বেশি বলছে সুপারকম্পিউটার

বুয়েনস আইরেস, ২২ জুন – বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই রোমাঞ্চকর লড়াইয়ের আগে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।
অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজার বার ম্যাচের সিমুলেশন চালিয়ে জানিয়েছে যে, এই ম্যাচে পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। তাদের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ১ শতাংশ। বিপরীতে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ দশমিক ৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ।
লিওনেল স্কালোনির দল আসরের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বর্তমানে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ১৬, যা জার্মানির মিরোস্লাভ ক্লোসার করা সর্বকালীন রেকর্ডের সমান।
অস্ট্রিয়ার জালে বল পাঠাতে পারলেই এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখল করবেন তিনি। এ ছাড়া টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়ার সুযোগও রয়েছে আটবারের ব্যালন ডি অর জয়ী এই তারকার সামনে। তবে অস্ট্রিয়াকেও দুর্বল ভাবার সুযোগ নেই।
রাল্ফ রাংনিকের শিষ্যরা তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছে। গত ১২টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে দলটি। দুই দলই তাদের প্রথম ম্যাচ জেতায় আজকের লড়াইটি নকআউট পর্বে যাওয়ার পথে বড় ভূমিকা রাখবে। তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অপ্টার বিশ্লেষণে এগিয়ে আছে আলবিসেলেস্তেরা।
এস এম/ ২২ জুন ২০২৬









