এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৪ জুন মতবিনিময় সভা

ঢাকা, ২১ জুন – আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভার ডাক দেওয়া হয়েছে। আগামী ২৪ জুন বুধবার সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এই সভায় উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে শিক্ষা প্রশাসন। পরীক্ষা আয়োজনে কোনো ধরনের অনিয়ম রোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২১ জুন ২০২৬









