ফুটবল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা ফুটবলার: ব্রাজিল প্রেসিডেন্ট লুলা

ব্রাসেলস, ২০ জুন – ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ইনজুরি এবং ফিটনেস সংকট নিয়ে কৌতুক করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মাঠের বাইরে থাকা এই তারকা ফরোয়ার্ডকে বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন তিনি।

বেলো হরিজেন্তে শহরে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগ সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট লুলা এক শিশুর কাছে জানতে চান বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে। শিশুটি নেইমারের নাম নিলে প্রেসিডেন্ট মজা করে বলেন নেইমার তো খেলছেই না।

তিনি আরও যোগ করেন নেইমার বিশ্বের প্রথম খেলোয়াড় যাকে দলে রাখা হয়েছে অথচ সে বাসায় বসে কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে লুলা বলেন এমন দিন আসতে পারে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জাতীয় দল গঠন করতে হবে যেখানে এগারোজন পেলের সমন্বয়ে দল গড়া হবে।

উল্লেখ্য ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর সমর্থক হিসেবে পরিচিত নেইমারকে নিয়ে লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফের চোট পেয়ে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন নেইমার। এক মাস ধরে পুনর্বাসনে থাকা এই তারকা ফরোয়ার্ড বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে দর্শক হিসেবেই সময় কাটিয়েছেন।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language