ফুটবল

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া লড়াইয়ে রেফারির দায়িত্বে আমিন ওমর

বুয়েনস আইরেস, ২০ জুন – বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এই হাই ভোল্টেজ ম্যাচটি পরিচালনার জন্য মিসরীয় রেফারি আমিন মোহাম্মদ ওমরকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

নিজ দেশে অত্যন্ত কঠোর এবং শৃঙ্খলাপরায়ণ রেফারি হিসেবে সুপরিচিত তিনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে তার অভিষেক ঘটে। মোহাম্মদ ওমর ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ঘরোয়া ফুটবলে তার যাত্রা শুরু হয় ২০১৩ সাল থেকে।

মাঠে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতার কারণেই তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের জায়গা পোক্ত করে নেন। ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বকাপের বড় আসরে এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এর আগে বয়সভিত্তিক বিশ্বকাপে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার ঘাটতি অবশ্য তার অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে তিনি মাত্র একটি হলুদ কার্ড ব্যবহার করেন। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলার হান বম লি থ্রো ইন করতে দেরি করায় ৫ সেকেন্ডের নিয়ম প্রয়োগ করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি।

ক্যারিয়ার জুড়ে ২৬৯টি ম্যাচ পরিচালনার বিশাল অভিজ্ঞতা রয়েছে ওমরের। যেখানে তিনি মোট ৯৮০টি হলুদ কার্ড এবং প্রায় ২৫টি লাল কার্ড দেখিয়েছেন। সৌদি প্রো লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ফলে তারকা ফুটবলারদের ম্যাচ পরিচালনা করা তার জন্য নতুন কিছু নয়।

গত বছর অবশ্য একটি বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তাকে। ইসমাইলি এসসির বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রতিবাদ করায় পিরামিডস এফসির কোচ ক্রুনোস্লাভ জুরচিচকে লাল কার্ড দেখান তিনি। পরবর্তীতে ক্লাবটি ফেডারেশনের কাছে তার বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ এনেছিল। সোমবারের ম্যাচে আমিনের সহকারী হিসেবে থাকবেন মাহমুদ আবুএলরেগাল এবং আহমেদ হোসাম তাহা। চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language