শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করা। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।
শনিবার অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার সবার আগে বাংলাদেশ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও সময়োপযোগী সংস্কারে কাজ করছে। এরই অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারের মতো বিষয়গুলো পাঠ্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু তাত্ত্বিক নয়, বরং ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে হবে। এটি মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা রুখে দিতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন। ইতিমধ্যে সরকার টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেছে যার অধীনে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই টুর্নামেন্টকে কলেবর বিবেচনায় বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল আয়োজন হিসেবে অভিহিত করা হয়।
বর্তমান সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মনন বিকাশে সমান গুরুত্ব দিচ্ছে। এর ফলে দেশের ছেলেমেয়েরা ফুটবলের মতো আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সাফল্য অর্জন করছে।
পরিশেষে প্রধানমন্ত্রী টুর্নামেন্টের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং অংশগ্রহণকারীদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।
এনএন/ ১৯ জুন ২০২৬









