বিশ্বকাপ মিশন শুরু করছে পর্তুগাল: রোনালদোর দিকে তাকিয়ে ভক্তরা

লিসবন, ১৭ জুন – বিশ্বকাপ জয়ের নতুন লক্ষ্য নিয়ে আজ রাতে মাঠের লড়াইয়ে নামছে পর্তুগাল। গত আসরের ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে শিরোপার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে ইউরোপের এই শক্তিশালী দল। গ্রুপ কে এর নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গো।
পুরো ফুটবল বিশ্বের নজর থাকছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ওপর। ৪১ বছর বয়সেও তিনি দলের আক্রমণভাগের প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বিশ্বকাপের মঞ্চে নিজের সামর্থ্য আরও একবার প্রমাণ করতে প্রস্তুত এই কিংবদন্তি ফুটবলার।
কোচ রবার্তো মার্তিনেসের পরিকল্পনায় পর্তুগালের গোলপোস্ট আগলানোর দায়িত্বে থাকছেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে গতির সঙ্গে অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে মাঠে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও এবং নুনো মেন্দেসকে।
দলের মাঝমাঠের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের হাতে। বিশেষ করে ভিতিনিয়া ও জোয়াও নেভেসের ওপর দায়িত্ব থাকবে রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রক্ষা করে দলের খেলার ছন্দ বজায় রাখা। আক্রমণভাগের দুই উইংয়ে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতোকে।
আর আক্রমণভাগের মাঝখানে গোল করার বড় দায়িত্ব থাকবে অধিনায়ক রোনালদোর ওপর। তার অসাধারণ অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতাই পর্তুগালের সবচেয়ে বড় শক্তি।
পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো ও পেদ্রো নেতো।
এস এম/ ১৭ জুন ২০২৬









