জাতীয়

হজ পালন শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, প্রাণ হারিয়েছেন ৫২ জন

ঢাকা, ১৬ জুন – পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৭ হাজার ৪২২ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানানো হয়েছে যে মোট ১৩৮টি ফ্লাইটে এসব হজযাত্রী দেশে প্রত্যাবর্তন করেছেন।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ১০৯ জন রয়েছেন। হজযাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন পর্যন্ত ৬৭টি ফ্লাইট পরিচালনা করে ২৪ হাজার ৪৯৯ জন হাজিকে নিয়ে এসেছে।

এছাড়া সৌদি এয়ারলাইনস ৫০টি ফ্লাইটে ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন হাজিকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ৭১৬ জন হাজি দেশে ফিরেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। এর মধ্যে মক্কায় ৩৭ জন মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫১টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৯২০টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। গত ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language