জাতীয়

রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১৬৭টি মামলা

ঢাকা, ১৫ জুন – রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির তথ্য অনুযায়ী ট্রাফিক রমনা বিভাগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৭৭টি মামলা হয়েছে।

এর মধ্যে রয়েছে ৪টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেল। ট্রাফিক লালবাগ বিভাগে ১৯৪টি মামলা করা হয়েছে। যেখানে ১৯টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪৩৬টি মামলা হয়েছে যার মধ্যে বাস ২৪টি এবং মোটরসাইকেল ২২১টি। ট্রাফিক ওয়ারী বিভাগে মামলা হয়েছে ২৭৯টি। অন্যদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৫৯টি এবং ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬০টি মামলা দায়ের করা হয়েছে।

উত্তরার ট্রাফিক বিভাগে ৪২৭টি এবং গুলশান বিভাগে ২৩৫টি মামলা হয়েছে। অভিযান চলাকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language