রোনালদোর উদারতা ও মানবিক গুণাবলীর প্রশংসা সতীর্থ মোরাতার

মাদ্রিদ, ১৪ জুন – মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে ব্যক্তিগত জীবনে ক্রিশ্চিয়ানো রোনালদোর উদারতা ও মানবিক গুণাবলী বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই অভিজ্ঞতার কথা সামনে আনলেন তার সাবেক সতীর্থ আলভারো মোরাতা।
বর্তমানে পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন রোনালদো। এরই মধ্যে এক সাক্ষাৎকারে মোরাতা জানান, রিয়াল মাদ্রিদে খেলার সময় তরুণ ফুটবলারদের প্রতি রোনালদোর আচরণ ছিল অত্যন্ত আন্তরিক এবং সহযোগিতামূলক।
মোরাতা তার স্মৃতিচারণে বলেন, প্রাক-মৌসুম প্রস্তুতির সময় রোনালদো প্রায়ই তাকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করতেন। এমনকি তারা অনেক সময় একসাথে কেনাকাটা করতে যেতেন। শুধু তাই নয়, সতীর্থদের তিনি আইপ্যাড, স্মার্টফোন এবং দামী পারফিউম উপহার দিতেন বলেও জানান এই স্প্যানিশ তারকা।
তিনি আরও বলেন, প্রথমবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় রোনালদোর ব্যক্তিত্বের সাথে মানিয়ে নিতে তার বেশ কষ্ট হতো। তবে ব্যক্তিগতভাবে রোনালদো তাকে সবসময় অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে গ্রহণ করেছেন।
মাঠের বাইরের রোনালদো সম্পর্কে মোরাতা বলেন, বাইরে থেকে তাকে যেমন মনে হয়, ব্যক্তিগত পর্যায়ে তিনি তার চেয়েও অনেক বেশি সংবেদনশীল এবং বুদ্ধিদীপ্ত। রোনালদো সব বিষয়েই বেশ পড়াশোনা করেন এবং জীবন সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে বলে মন্তব্য করেন মোরাতা।
রোনালদোর জীবনধারা যে কাউকেই অবাক করার মতো। রাত জেগে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়েও রোনালদো পরদিন কঠোর অনুশীলন এবং শরীরচর্চা চালিয়ে যেতেন। রোনালদোর এই অদম্য জীবনযাত্রা এবং পেশাদারিত্ব প্রত্যক্ষ করার পর মোরাতা তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।
এস এম/ ১৪ জুন ২০২৬









