ইউরোপ

ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠছে রাশিয়া: পুতিন

মস্কো, ১৩ জুন – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে ইউক্রেনের হামলায় দেশটির অর্থনীতির কিছুটা ক্ষতি হলেও রাশিয়া তা দ্রুত কাটিয়ে উঠছে। শুক্রবার যুদ্ধরত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

পুতিন বলেন ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে কিছু ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে তবে তা রাশিয়ার জন্য কোনো গুরুতর সমস্যা তৈরি করতে পারবে না। ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সম্পর্কে পুতিন জানান বর্তমানে সেই অঞ্চলে ৭ লাখেরও বেশি রুশ সেনা অবস্থান করছে।

তিনি স্বীকার করেন যে পশ্চিমা দেশগুলোর বিরোধিতার মুখে রাশিয়া কার্যত একাই লড়াই চালিয়ে যাচ্ছে। যুদ্ধের অগ্রগতি নিয়ে তিনি বলেন ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার গতি তুলনামূলক ধীর হলেও তারা ধারাবাহিকভাবে এগোচ্ছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে।

বেসামরিক স্থাপনায় ইউক্রেনীয় হামলা প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে বলেন এমন পরিস্থিতি এড়াতে রাশিয়া তাদের প্রতিশোধমূলক হামলার তীব্রতা বাড়িয়ে দেবে। এ সময় তিনি ন্যাটোর বিরুদ্ধে তার পুরনো অভিযোগগুলো পুনরায় তুলে ধরেন। তবে পুতিন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রযুক্তিগত দক্ষতা ও উন্নত অর্থনীতির প্রশংসা করতেও ভোলেননি।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language