মধ্যপ্রাচ্য

এফবিআইয়ের ড্রোন ব্যবস্থা হ্যাক ও বিশ্বকাপ ফুটবলে হামলার হুমকি ইরানি হ্যাকারদের

তেহরান, ১৩ জুন – মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ড্রোন ব্যবস্থায় অনুপ্রবেশের দাবি করেছে ইরান ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠী হান্দালা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তারা।

কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। হ্যাকারদের এই দলটি একটি বিবৃতিতে দাবি করেছে যে তারা কয়েক মাস ধরে এফবিআইয়ের ব্যবহৃত ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে।

হ্যাকারদের দাবি অনুযায়ী এসব ড্রোনে মুখমণ্ডল শনাক্তকরণ এবং গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করার উন্নত প্রযুক্তি রয়েছে যা সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহার করা হতো। হান্দালা তাদের বিবৃতিতে বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে যেকোনো দলের বাসের সামনে ড্রোন হাজির হওয়ার আশঙ্কা রয়েছে।

টুর্নামেন্ট চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেডিয়ামগুলোর আকাশসীমায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে এফবিআই। এর আগে ইরান সংশ্লিষ্ট সাইবার হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তবে হান্দালার প্রকাশিত তথ্য ও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

তাদের মতে ভিডিওটি সম্ভবত পুরোনো এবং অন্য কোনো পুলিশি প্রচারণায় আগে ব্যবহৃত হয়েছিল। এর আগে এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করার দাবিও করেছিল এই হ্যাকার গোষ্ঠী। বর্তমানে এই দলের সদস্যদের শনাক্ত করতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language