বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ জাইমা রহমান

ঢাকা, ১৩ জুন – আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই সাফল্যের তালিকায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
বার কাউন্সিল সূত্রে জানা যায় এবারের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। মূলত এমসিকিউ, লিখিত এবং মৌখিক এই তিন ধাপে উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। এর মাধ্যমে তারা দেশের বিভিন্ন নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনার সুযোগ পান।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এই পুরো প্রক্রিয়াটি তদারকি করে থাকে।
এনএন/ ১৩ জুন ২০২৬









