ফুটবল

চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে নামতে প্রস্তুত এমিলিয়ানো মার্টিনেজ

বুয়েনোস আইরেস, ১২ জুন – আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছেন দলের অতন্দ্র প্রহরী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আসন্ন বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত। আঙুলের চোট নিয়ে দীর্ঘ শঙ্কা থাকলেও সর্বশেষ মেডিকেল পরীক্ষায় তিনি খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত হয়েছেন।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুলের দেওয়া তথ্য অনুযায়ী মার্টিনেজ তার চোট থেকে সফলভাবে সেরে উঠেছেন। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার পর আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফ তার ডান হাতের অনামিকা আঙুলের প্লাস্টার খুলে দিয়েছেন।

জানা গেছে বৃহস্পতিবার দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছেন এই তারকা গোলরক্ষক। প্রথমবারের মতো গ্লাভস পরে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে তাকে বেশ সাবলীল দেখা গেছে যা তার মাঠে নামার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

এর আগে আঙুলের হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে মার্টিনেজের এই দ্রুত সুস্থতায় বড় স্বস্তি ফিরেছে কোচ লিওনেল স্কালোনি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের মনে।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন অত্যন্ত উজ্জ্বল।

এনএন/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language