মধ্যপ্রাচ্য

কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

তেহরান, ১১ জুন – যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিতে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বৃহস্পতিবার ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন সেনারা ব্যাপক হামলা চালানোর পর তেহরান এই পদক্ষেপ নেয়। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার জাহাজেও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছে যে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। বিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী আক্রান্ত হওয়া ট্যাংকার জাহাজ দুটি অবৈধভাবে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপ বন্দর আব্বাস এবং সিরিকসহ বিভিন্ন স্থানে হামলার খবর নিশ্চিত করেছে। কারগান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত এপ্রিলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুক্তরাষ্ট্র তা বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেহরান।

গত সোমবার হরমুজে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তজনা নতুন মাত্রা পায়।

ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছেন যে তারা ইরানের সঙ্গে চুক্তির কাছাকাছি থাকলেও তেহরান তা আটকে রেখেছে। সেই সঙ্গে চুক্তি না হলে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

এনএন/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language