পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু

ইসলামাবাদ, ১০ জুন – পাকিস্তানের মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সকল সামরিক কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন।
বুধবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায়, হেলিকপ্টারে থাকা কেউই বেঁচে নেই এবং সকলেই শাহাদাত বরণ করেছেন। তবে হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন সেই সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও দেয়নি কর্তৃপক্ষ।
ইতোমধ্যে উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
দেশটির সেনাবাহিনী প্রধান সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তারা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে গিলগিট বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি সমস্যার কারণে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন। একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী উড়োজাহাজ বৈরী আবহাওয়ার কারণে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হলে দুই পাইলট ও তিন ক্রু সদস্যের প্রাণহানি ঘটেছিল।
এনএন/ ১০ জুন ২০২৬









