দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯

ঢাকা, ১০ জুন – দেশে হাম সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও সন্দেহভাজন হামে আটজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জন এবং সন্দেহভাজন হামে ৫৪৭ জন প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ছিল ৯৪৫ জন। এই দীর্ঘ সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৯ জন। আক্রান্তদের মধ্যে ৬৬ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ১৪৫ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০ এবং সিলেটে ৩ জন মারা গেছেন।
সন্দেহজনক হামের ক্ষেত্রেও ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে প্রাণহানির ঘটনা ঘটেছে।
এনএন/ ১০ জুন ২০২৬









