যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের ফোনালাপ

তেহরান, ১০ জুন – ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জরুরি ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনালাপে তিনি মার্কিন বাহিনীর এই হামলা এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য তাদের কাছে তুলে ধরেন।
ইরানি সংবাদ সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী,
বুধবার আরাগচি পৃথকভাবে দুই দেশের মন্ত্রীর সাথে কথা বলেন। ফোনালাপে তিনি মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ইরানের ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।
আরাগচি স্পষ্টভাবে জানান যে,
আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে সেই অধিকার প্রয়োগ করা হবে। ঘটনার সূত্রপাত হয় গত সোমবার, যখন হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে,
ইরান ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এই ঘটনার পাল্টা প্রতিশোধ হিসেবে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় অতর্কিত হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও চুপ থাকেনি। তারা বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পরবর্তীতে দুই দেশই আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানের মতো হামলা বন্ধ রাখা হলেও ভবিষ্যতে যেকোনো ধরণের আগ্রাসনের বিরুদ্ধে তারা আরও কঠোর ও বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত রয়েছে।
এস এম/ ১০ জুন ২০২৬









