নেহেরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদী নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়া দিল্লি, ১০ জুন – ভারতের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪ হাজার ৩৯৯ দিন ক্ষমতায় থাকার মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন।
এই অর্জনের মাধ্যমে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই উল্লেখযোগ্য অর্জনে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এক বার্তায় বলেন,
এই মাইলফলক ভারতের প্রতি প্রধানমন্ত্রী মোদির দীর্ঘ কয়েক বছরের একনিষ্ঠ সেবা ও অঙ্গীকারের প্রতিফলন। তিনি ভারতের উন্নয়নে মোদির নেতৃত্ব এবং কয়েক দশকের নিবেদিত জনসেবার প্রশংসা করেন। মার্কিন সিনেটর জন করনিন প্রধানমন্ত্রী মোদির এই মেয়াদকে রূপান্তরধর্মী ও যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন।
তিনি উল্লেখ করেন,
টানা তিনটি গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে মোদি ১৪০ কোটিরও বেশি মানুষের আস্থা অর্জন করেছেন। তার শাসনামলে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেয়া এবং ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত করার প্রশংসা করেন তিনি।
করনিন আরও বলেন,
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারিত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেও এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়েছেন। মালয়েশীয় প্রধানমন্ত্রী জানান, এই অর্জন বিশ্বমঞ্চে ভারতের অবস্থান শক্তিশালী করতে মোদির নেতৃত্বের প্রমাণ।
অন্যদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা কেবল রাজনৈতিক সাফল্য নয়, বরং একটি দেশের নীতি নির্ধারণ ও উন্নয়ন ধারায় স্থিতিশীলতার প্রমাণ দেয়। নরেন্দ্র মোদির এই রেকর্ড ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করল।
এস এম/ ১০ জুন ২০২৬









