ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’ সমস্যার দ্রুত সমাধান হবে: তথ্য উপদেষ্টা

ঢাকা, ৯ জুন – বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে বিরাজমান ‘পুশইন’ সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পশ্চিমবঙ্গ সীমান্তে পুশইন পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, বিষয়টি পশ্চিমবঙ্গের একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু ছিল এবং সাম্প্রতিক নির্বাচনেও এটি আলোচনায় এসেছে। সেই রাজনীতির কিছুটা প্রভাব আমাদের ওপর পড়ছে। তবে তিনি মনে করেন না যে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এটি করছে।
তিনি উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই বর্তমানে এমন চিত্র দেখা যাচ্ছে। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকার ইতিবাচকভাবে এগিয়ে যেতে চায়।
দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন প্রত্যাশা করে। তাই চলমান এই সংকট প্রাথমিক পর্যায় কাটিয়ে দ্রুত নিরসন হবে বলে তিনি বিশ্বাস করেন। উপদেষ্টা স্পষ্টভাবে জানান, বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির জন্য ভারত উদ্দেশ্যমূলকভাবে এমনটি করছে বলে তিনি মনে করেন না।
একই সংবাদ সম্মেলনে হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে অসুস্থতাটি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার পর দ্রুতই তদন্ত কমিটি গঠন করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে সরকার তদন্তের বিষয়ে পিছু হটছে না এবং তিনি ব্যক্তিগতভাবেও এ ব্যাপারে নিয়মিত খোঁজ রাখবেন।
এস এম/ ৯ জুন ২০২৬









