ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা

ঢাকা, ৯ জুন – ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন জোরদার করেছে সচেতন গ্রাহক ফোরাম। দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই আন্দোলনের অংশ হিসেবে এবার অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার মতিঝিলের দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী জানান, বুধবার বেলা ১১টায় মতিঝিল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবেন।
সেখানে অর্থমন্ত্রীর কাছে তাদের লিখিত দাবিগুলো পেশ করা হবে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর ইসলামী ব্যাংক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছিল। দেশের উন্নয়নে ব্যাংকটির ভূমিকা ও রেমিট্যান্স আহরণে এর অবস্থান ছিল শীর্ষস্থানীয়।
তবে ২০১৭ সালে একটি নির্দিষ্ট শিল্প গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে ব্যাংকটি আর্থিক সংকটে পড়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, ১ জুন রাতে একটি ভার্চুয়াল সভার মাধ্যমে বর্তমান এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল করে একজন যোগ্য ও শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং বিশেষজ্ঞকে দায়িত্ব প্রদান এবং ওমর ফারুক খানকে পুনর্বহাল। এছাড়া এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন সমন্বয় এবং তাদের স্থাবর সম্পত্তি থেকে ঋণের টাকা আদায়ের দাবি জানানো হয়েছে।
বিক্ষোভে প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক নারী আমানতকারী অংশ নিতে দেখা গেছে। তারা জানান, ইসলামী শরীয়াহ অনুযায়ী পরিচালিত এই ব্যাংকে তারা আমানত রেখেছেন। ব্যাংকটি যদি লুটেরাদের কারণে দেউলিয়া হয়ে যায় তবে সাধারণ মানুষের সঞ্চয় অনিরাপদ হয়ে পড়বে।
তাই ব্যাংকের অস্তিত্ব রক্ষায় তারাও রাজপথে নেমেছেন। এর আগে ১ জুন পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে পণ্ড হওয়া কর্মসূচির পর থেকেই সচেতন গ্রাহক ফোরাম ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে আসছে।
এস এম/ ৯ জুন ২০২৬









