জাতীয়

বিরোধীদলীয় নেতার সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বৈঠক

ঢাকা, ৯ জুন – জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড।

আলোচনায় আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক স্থান পায়। এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, সুশাসন নিশ্চিত করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলাপ হয়েছে।

উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language