মধ্যপ্রাচ্য

ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিরাপদ আছেন নাবিকরা

মাস্কাট, ৮ জুন – ইরান ও ইসরায়েলের মধ্যে বিরাজমান উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ম্যারিভেক্স নামক একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ওমান উপকূলে ওই ট্যাংকারটিতে আকস্মিকভাবে আগুন ধরে যায়। জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মাদাগাস্কারের পতাকাবাহী এই ট্যাংকারটিতে অগ্নিকাণ্ডের সময় কোনো কার্গো বা পণ্য ছিল না এবং ক্রু সদস্যদের সকলেই নিরাপদ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তারা দুর্ঘটনার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নাবিকদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে ওমানি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী ট্যাংকারটি ভারতের কারওয়ার থেকে ওমানের দুকম বন্দরের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা জানান যে ট্যাংকারে অবস্থানরত সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদ রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় নৌবাহিনীর সাথে সমন্বয় করা হচ্ছে।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটলেও আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশেষ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এনএন/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language