জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঢাকা , ৮ জুন – সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে সাতজন উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৯২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে ৫৩৬ জন শিশু মারা গেছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৭৭৯ জনে। এছাড়া হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৮০ হাজার ১০৪ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর হার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ২৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১৮১ জন।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language