জাতীয়

রামিসা হত্যায় দ্রুত ব্যবস্থা: স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

ঢাকা, ৭ জুন – শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এই ধন্যবাদ জানান।

একই সঙ্গে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে খুঁজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,

একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা ও আসামি গ্রেপ্তারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্ত সংশ্লিষ্টদের ভবিষ্যতে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত অন্যান্য সদস্যরাও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language