রাজশাহী

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

রাজশাহী, ৭ জুন – রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মবিরতি শুরু করেন। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ এবং চিকিৎসকদের বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে এবং ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বিএমডিসি প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে তাদের প্রথম দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও বাকি দাবিগুলো নিয়ে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

এতে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন বেলা ১১টার পর ক্লাস বর্জন।

এছাড়া সব মিড লেভেল চিকিৎসকদের এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে বর্তমানে ২৬২ জন ইন্টার্ন চিকিৎসক কর্মরত রয়েছেন এবং তারা সকাল থেকেই কর্মবিরতিতে যোগ দিয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language