বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ খান

ঢাকা, ৬ জুন – বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুদ খান। গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় এবং ওই দিনই তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার পর তিনি এক বার্তায় দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে তার ভাবনা তুলে ধরেন। মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজার বর্তমানে একটি কঠিন সময় পার করছে।
বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা, বাজারের সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রত্যাশা পূরণ করা এখন সবচেয়ে বড় কাজ। তিনি স্বীকার করেন যে, বাজারকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো সহজ কাজ নয় এবং সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।
নিজের ব্যক্তিগত পেশাগত অবস্থান সম্পর্কে তিনি জানান, এই দায়িত্ব গ্রহণের ফলে তাকে দীর্ঘ কর্পোরেট জীবনের অনেক আর্থিক সুবিধা ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয়েছে। তবে জনস্বার্থে এবং জাতীয় দায়িত্ববোধ থেকে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
তার মতে, যেখানে প্রয়োজন সেখানে নিয়ন্ত্রণ এবং যেখানে সম্ভব সেখানে নিয়মকানুন সহজ করাই হবে তার কাজের মূল ভিত্তি। বিএসইসির নতুন চেয়ারম্যান আরও বলেন, শুধু বাজার পুনরুদ্ধার নয় বরং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, ভালো কোম্পানিকে বাজারে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে তার অগ্রাধিকার।
তিনি একা নয় বরং বিনিয়োগকারী, তালিকাভুক্ত কোম্পানি এবং বাজার সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ৬ জুন ২০২৬









