জাতীয়

মে মাসে রপ্তানি আয় কমেছে ৭ শতাংশ, নেতিবাচক প্রভাব পোশাক খাতেও

ঢাকা, ৩ জুন – এক মাস ইতিবাচক প্রবৃদ্ধির পর দেশের রপ্তানি আয় আবারও নেতিবাচক ধারায় ফিরেছে। সদ্য সমাপ্ত মে মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ০৭ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, মে মাসে বাংলাদেশ ৪৪০ কোটি ২৮ লাখ মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে। যেখানে গত বছরের মে মাসে আয় হয়েছিল ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলার।

এর আগে টানা আট মাস কমার পর গত এপ্রিল মাসে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ বড় উল্লম্ফন দেখা গিয়েছিল। তখন আয় হয়েছিল ৪০০ কোটি ৯৯ লাখ ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, শুধু মে মাস নয় বরং চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেও মোট রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ কমেছে। এই সময়ে মোট রপ্তানি হয়েছে ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য। গত বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৪৯৪ কোটি ৬০ লাখ ডলার।

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের আয় মে মাসে কমেছে ৮ দশমিক ২৯ শতাংশ। এই মাসে পোশাক খাত থেকে আয় হয়েছে ৩৫৯ কোটি ৪১ লাখ ডলার।

সংশ্লিষ্ট রপ্তানিকারকরা জানান, কোরবানির ঈদের কারণে মে মাসে ৮ থেকে ১০ দিন কারখানা বন্ধ ছিল। ফলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় সামগ্রিক রপ্তানি আয় কমেছে।

এনএন/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language