ইবোলা আতঙ্কে বন্ধ থাকার পর সচল হলো কঙ্গোর প্রধান বিমানবন্দর

কিনশাসা, ৩ জুন – ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইতুরি প্রদেশের প্রধান বিমানবন্দরটি মঙ্গলবার পুনরায় চালু করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টানা ১০ দিন বন্ধ থাকার পর বিমানবন্দরটি সচল করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে কঙ্গো ও প্রতিবেশী দেশ উগান্ডায় ইবোলার বড় ধরনের প্রাদুর্ভাব চলছে। আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসির হিসাব অনুযায়ী এই সংক্রামক রোগে এ অঞ্চলে অন্তত ২৪৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৩ মে থেকে ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ার এই বিমানবন্দর দিয়ে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। ওই সময়ে বিমানবন্দরে শুধুমাত্র চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তাবাহী বিমান চলাচলের অনুমতি ছিল।
কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানিয়েছেন যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্য বিষয়ক কঠোর ব্যবস্থা গ্রহণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশটির পরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার জানায় যে ইবোলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে এখন ধাপে ধাপে এবং নিরাপদ উপায়ে নিয়মিত ফ্লাইট চলাচল শুরুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
এস এম/ ৩ জুন ২০২৬









