গুম ও নির্যাতনের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

ঢাকা, ৩ জুন – র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলে গুম ও নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেছেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জন অভিযুক্ত রয়েছেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে যে এদিন একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।
এর আগে গত ১৭ মে প্রথম সাক্ষী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের জেরা সম্পন্ন হয়। গত ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল তার জবানবন্দি রেকর্ড করেছিলেন এবং এরপর আসামিপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাকে বিভিন্ন পর্যায়ে জেরা করেন।
এই মামলায় গ্রেপ্তারকৃত ১০ জন বর্তমানে ঢাকা সেনানিবাসের সাব জেলে আটক রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসানসহ র্যাবের বেশ কয়েকজন সাবেক পদস্থ কর্মকর্তা।
অন্যদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং বেনজির আহমেদসহ আরও ৭ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানানো হয়েছে।
এস এম/ ৩ জুন ২০২৬









