কালুখালীতে চলন্ত ট্রেনের ছাদে রেলসেতুর ধাক্কায় যুবকের মৃত্যু

রাজবাড়ী, ২ জুন – রাজবাড়ীর কালুখালী উপজেলায় চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর রেলসেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,
ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু এলাকায় পৌঁছালে ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এই ঘটনায় ট্রেন চলাচলে প্রায় ৩০ মিনিট বিলম্ব ঘটে।
পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন,
ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয়েছে এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এস এম/ ২ জুন ২০২৬









