প্রথম দিনেই ঢাকা দক্ষিণের ৭১ ওয়ার্ড বর্জ্যমুক্ত বলে জানালেন প্রশাসক

ঢাকা, ২৯ মে – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডই কোরবানির বর্জ্যমুক্ত করা হয়েছে। ঈদের প্রথম দিন শেষে সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, অবশিষ্ট চারটি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি কাজ দ্রুততম সময়ে শেষ করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রশাসক জানান, ঈদের প্রথম দিনে ডিএসসিসি এলাকায় ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি পশু কোরবানি করা হয়েছে। বর্জ্য অপসারণের জন্য ১৫ হাজার ৯৩৫ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। রাত সাড়ে ৮টা পর্যন্ত ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়।
রাত ১২টার মধ্যে এই পরিমাণ ১৮ হাজার টন ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্জ্য অপসারণের পাশাপাশি পশুর হাটগুলোর প্রায় ৬৫ শতাংশ বর্জ্য পরিষ্কার করা হয়েছে। সফলভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান মো. আবদুস সালাম।
স্বাস্থ্যকর নগরী নিশ্চিত করতে তিনি আগামীতেও সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা বিরামহীনভাবে কাজ করে চলেছেন এবং অবশিষ্ট বর্জ্য দ্রুত অপসারণ করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এস এম/ ২৯ মে ২০২৬








