রাজশাহীতে নির্ধারিত সময়ের আগেই অপসারিত কোরবানির বর্জ্য

রাজশাহী, ২৯ মে – রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ঈদুল আযহার দিন দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখার ঘোষণা দিয়েছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
প্রতিশ্রুতি বাস্তবায়নে ঈদের দিন দুপুর থেকেই মাঠে নামেন তিনি। ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের আগেই সেই কাজ সম্পন্ন করার দাবি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।
প্রশাসক ৯ নম্বর ওয়ার্ড এবং বুলনপুর ও রুয়েট সংলগ্ন এসটিএসসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মীর পরিশ্রমে প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সঙ্গে কাজ পরিচালিত হয়েছে। নগরীকে স্বাস্থ্যসম্মত রাখতে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়।
দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্জ্য সংগ্রহ করে এসটিএস-এ নেওয়া হয়। এরপর তা নির্দিষ্ট ভাগাড়ে স্থানান্তর করা হয়। এই অর্জনে প্রশাসক নগরবাসী ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
এবারই প্রথম ৮২ হাজার পরিবারকে বর্জ্য সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
এস এম/ ২৯ মে ২০২৬









