মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে

আবুধাবি, ২৭ মে – সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে দিনটি পালন করছেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী,

মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে প্রস্তুত হওয়ার সেই অনন্য ত্যাগের স্মৃতি স্মরণে এই পশু কোরবানির বিধান চালু হয়। আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম বিশ্বে প্রতি বছর এই উৎসব পালন করা হয়।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিকরা তাদের সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু ক্রয় করেছেন। দেশটির বিভিন্ন শহরে ঈদের জামাত আয়োজনের সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে,

  • আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিটে,
  • দুবাইয়ে ৫টা ৪৫ মিনিটে এবং
  • শারজাহতে ৫টা ৪৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
  • এছাড়া আজমানে ৫টা ৩৯ মিনিটে,
  • ফুজাইরাহতে ৫টা ৪১ মিনিটে,
  • উম্মে আল কুইনে ৫টা ৪৩ মিনিটে,
  • রাস আল খাইমায় ৫টা ৪০ মিনিটে এবং
  • আল-আইনে ৫টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় প্রশাসন উৎসব উদযাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language